স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকচাপায় সুইডেন প্রবাসী কাজী দেশ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার হরিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। কাজী দেশ (২৮) নামের ওই যুবক উপজেলার ব্রাক্ষণশাসন গ্রামের কাজী রিপনের একমাত্র ছেলে।
ঘাটাইল পুলিশ ও নিহতের পরিবার জানায়, কাজী দেশ সুইডেন প্রবাসী ছিলেন। কিছুদিন আগে তিনি সুইডেন থেকে দেশে এসেছেন। শনিবার (১০ অক্টোবর) রাতে কাজী দেশ মোটরসাইকেল নিয়ে উপজেলা সদর ঘাটাইল যাচ্ছিলেন।
তিনি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার হরিপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, শনিবার (১০ অক্টোবর) রাতে ট্রাকচাপায় কাজী দেশ নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহত যুবকের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।