স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে মগড়া পর্যন্ত ৭ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। পটল, দুর্গাপুর, চরহামজানী, মীরহামজানী, সল্লা, আয়নাপুর, যোগারচরসহ প্রায় ৩০টি গ্রামের লাখো মানুষ ভোগান্তি নিয়ে প্রতিনিয়তই চলাচল করে থাকেন এ সড়ক দিয়ে। শুধু আশ্বাস নয়, দ্রুত সড়কটি সংস্কার করে জনভোগান্তি লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর।
এই সড়কে চলাচলকারী অটোরিকশা, সিএনজি চালকরা বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জায়গায় জায়গায় উঠে গেছে কার্পেটিং। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ফলে প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়ে বিকল হচ্ছে যানবাহন। এছাড়া গাড়ী নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, ঘটছে হতাহতের ঘটনাও। ১০ মিনিটের রাস্তা যেতে সময় লাগছে এক থেকে দেড় ঘণ্টা সময়।
এদিকে রোগী নিয়ে হাসপাতালে যেতেও পড়তে হচ্ছে চরম বিড়ম্বনায়। সময়মতো চিকিৎসা নিতে না পেরে রাস্তায় মৃত্যুর ঘটনাও ঘটছে। দুর্ভোগ মাথায় নিয়েই স্কুল-কলেজে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। দ্রুত সড়কটি সংস্কারের দাবি স্থানীয়দের।
এ বিষয়ে টাঙ্গাইল এলজিইডি অফিসের নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন জানান, সড়কটির গুরুত্ব রয়েছে। এই সড়কটি দ্রুতই মেরামতের কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে ।