স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়” এই স্লোগানকে প্রতিপাদ্য করে টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। কন্যা শিশু দিবস উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) মির্জাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল আলম।
মির্জাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকার পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা ছারহা নাহিন, উপজেলা খাদ্য কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল কমলা রানী প্রমুখ।
এর আগে শৈশবে নজরুল বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।