স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু বলেছেন, আপনারা কয়েক দিন পর দেখতে পারবেন, ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে কাজ করবে। তবে তারা যত ষড়যন্ত্রই করুক, সফল হতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের জনগণ সচেতন আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলও সচেতন আছে। এ দেশের জনগণ সরকারের পাশে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। বাংলাদেশ সৃষ্টির সময় থেকেই একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে আসছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ষড়যন্ত্র আরও বেড়েছে। তার অভিযোগ, বিগত সরকারের লোকজন বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অটুট রাখতে জনগণ বর্তমান সরকারের পাশে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সালাম পিন্টু।
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে সালাম পিন্টু বলেন, নির্বাচনের সময় সরকার ৩১ দফার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে নারীদের উদ্দেশে তিনি বলেন, সরকার তথ্য সংগ্রহের জন্য লোক নিয়োগ করেছে। তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। ফ্যামিলি কার্ডের জন্য কাউকে পেছনে পেছনে ঘুরতে হবে না এবং এজন্য কাউকে টাকা দেওয়া যাবে না। কেউ টাকা চাইলে তাকে বা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিংবা উপজেলা বিএনপির নেতাদের জানাতে বলেন তিনি। অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর কেউ ভুল তথ্য দিলে তিনি ফ্যামিলি কার্ড পাবেন না বলেও জানান সালাম পিন্টু।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এ কার্যক্রমের আয়োজন করা হয়। গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন গোপালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম, গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা, অর্জুনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলশাদ এবং অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম হাসান।