
আদালত সংবাদদাতা ॥
টাঙ্গাইল সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। এ সময় তিনি কোর্টে কর্মরত পুলিশ সদস্যদের দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে সদর কোর্ট পরিদর্শনকালে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান সদর কোর্টের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম।
পরিদর্শনের সময় পুলিশ সুপার সদর কোর্টে কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাঁদের দায়িত্ব পালনের ক্ষেত্রে দক্ষতা, পেশাদারত্ব ও আন্তরিকতা বজায় রাখার নির্দেশ দেন। পাশাপাশি কর্মরত সদস্যদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরে পুলিশ সুপার সদর কোর্টের মালখানা পরিদর্শন করেন এবং কোর্টের বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন।
এ সময় সংশ্লিষ্ট কার্যক্রমের মানোন্নয়ন, নথিপত্র সংরক্ষণ ও দাপ্তরিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে টাঙ্গাইল জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সদর কোর্টে কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।






