স্টাফ রিপোর্টার ॥
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে পূজামণ্ডপ পরিদর্শন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। শনিবার (১৭ অক্টোবর) রাতে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের সা’দত বাজার, করটিয়া পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের আহ্বান জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার পূজামণ্ডপসমূহে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সকে সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল সক্রিয়ভাবে কাজ করছে বলে জানান পুলিশ সুপার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম, টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিনসহ টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পূজা কমিটিগুলোর নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।