স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেল চারটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পিকআপের হেলপার আব্দুল রহিম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ‘এস আই ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এরপর বাসটি তার সামনে থাকা একটি পিকআপকে ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আসিফ ও পিকআপের হেলপার আব্দুল রহিম মারা যান।
খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।