
স্টাফ রিপোর্টার ॥
বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে টাঙ্গাইলে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু।
টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম মিঞা, টাঙ্গাইল ‘ ল’ কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে লালন সাঁইয়ের জীবন, দর্শন, মানবতাবাদী চিন্তাধারা এবং বাংলা লোকসংস্কৃতিতে তাঁর অবদান তুলে ধরা হবে। লালন সাঁইয়ের গান ও দর্শন যুগে যুগে মানুষকে অসাম্প্রদায়িকতা, মানবপ্রেম এবং সাম্যের শিক্ষা দিয়ে আসছে। তাঁর সৃষ্টিকর্ম বাংলার লোকসংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।
আয়োজকরা জানান, লালন সাঁইয়ের জীবনদর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






