স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ১ হাজার ৩৫৭টি মন্ডপে শারদীয় দুর্গোৎসবে রবিবার (১৮ অক্টোবর) অধিক সপ্তমী পূজা অনুষ্ঠিত হয়েছে। এই বছরে সপ্তমী তিথি দুইটি সূর্যোদয় স্পর্শ করেছে, একারনে রবিবার (১৮ অক্টোবর) পঞ্জিকায় "অধিক পূজা" নির্দেশ করা হয়েছে।
এর শাস্ত্রীয় ব্যাখ্যা হলো, যে তিথির জন্য যে কৃত্য, সেই তিথি বিদ্যমান থাকলে সেই তিথির কৃত্য করার অধিকার থাকে। আবার নিত্য ও নৈমিত্তিক তিথিকর্মে সূর্যোদয়ব্যাপিনী তিথিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে যদি একটি তিথি পরপর দুইটি সূর্যোদয় স্পর্শ করে, তবে দ্বিতীয় দিনের সূর্যোদয়েও সেই তিথির অধিকার থাকে। এই কারণেই রবিবার (১৮ অক্টোবর) সপ্তমী সূর্যোদয়ব্যাপিনী হওয়ায় অধিক সপ্তমী পূজা বলা হয়েছে।
অধিক পূজা বলতে আবার নবপত্রিকা স্নান, মহাস্নান, প্রাণপ্রতিষ্ঠা, আবাহন ইত্যাদি পুনরাবৃত্তি নয়। এদিন মূলত দেবীর নিত্যোপচার পূজা, সামান্যকাণ্ডে স্নান, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য নিবেদন, স্তোত্রপাঠ, চণ্ডীপাঠ, জপ, আরতি, অঞ্জলী, প্রণাম এইগুলিই সপ্তমী তিথি অবশিষ্ট থাকা পর্যন্ত সম্পন্ন করা হয়। অধিক পূজা শেষে অনুষ্ঠিত হয় সন্ধি পূজা।