
গোপালপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে বিনামূল্যে চারজনকে বকনা গরু বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় গোপালপুর পৌর এলাকার বয়েলপাড়ায় ‘উন্নত জীবনের সন্ধানে ঊষা’র নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, ঢাকার সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর উন্নত জীবনের সন্ধানে ঊষার নির্বাহী পরিচালক ইব্রাহিম খলিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। এ সময় তিনি দিকনির্দেশনামূলক ও সহযোগিতামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষক আলমগীর হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, সুতি নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জামিল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈশাখী ফুড অ্যাগ্রো লিমিটেড স্বত্বাধিকারী মনিরুজ্জামান বাবু।
অনুষ্ঠানে গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের মাঝিপাড়া এলাকার চারজন উপকারভোগীর মধ্যে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, এর আগেও সংগঠনটির পক্ষ থেকে ২৩টি গরু বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, ঢাকার সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়ে আসছে।






