নুরুল ইসলাম, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিনের বাড়ীর নিরাপত্তা গেইট নির্মানে বাঁধার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য শামিম মিয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের বোয়ালজান গ্রামে।
জানা যায়, বোয়ালজান গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন (বিডিআর) সরকার কর্তৃক বীর নিবাসের ঘর উপহার পান। যথারীতি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে ইতমধ্যেই। বাড়ীটি দেলদুয়ার-টাঙ্গাইল পাকা সড়কের বোয়ালজান খোয়ারঘর নামক স্থান হতে ১০০ মিটার পশ্চিমে পাঁকা সড়কের পাশে হওয়ায় নিরাপত্তা গেইট নির্মাণের প্রয়োজন হয়।
সে লক্ষে পাঁকা সড়ক থেকে ৩ ফুট ভিতরে গেইট নির্মানের প্রস্তুতি নেয়া হয়। গেইটের পিলারের ৭ ফুট পর্যন্ত ইটের গাথুনি দেয়ার পর ইউপি সদস্য শামিম চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন না করেই একজন বীর মুক্তিযোদ্ধার বাড়ীর নিরাপত্তা গেইটের নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন ও তার পরিবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন বলেন, পাঁকা রাস্তার উভয় পাশে শতাধিক বাড়ী ঘর রয়েছে প্রত্যেকেই তাদের বাড়ীর নিরাপত্তা বেড়া ও গেইট তৈরী করেছে সড়কের মাত্র দেড় থেকে দ্ইু ফুট দুরে। আর আমি তিন ফুট দুরত্ব রেখে নিরাপত্তা গেইট নির্মাণ করছি। আমার ওয়ার্ডের ইউপি সদস্য এ বিষয়ে আমার নিকট চাঁদা দাবি করেন। তাকে চাঁদা না দেয়ায় আমার এ কাজে বাঁধা প্রদান করছেন।
বাঁধা এবং চাঁদা দাবি প্রসঙ্গে জানতে চাইলে ইউপি সদস্য শামিম বলেন, চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সড়কের পাশে পাকা গেট নির্মান করছেন মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন। যেহেতু ওই স্থানটি আমার ওয়ার্ডভূক্ত সেজন্য আমি উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি মাত্র।
এ ব্যাপারে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী বলেন, সড়কের পাশে স্থায়ী পাঁকা স্থাপনা নির্মানের অভিযোগের প্রেক্ষিতে নির্মান কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। তবে বিষয়টি তদন্ত স্বাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।