স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
প্রজেক্টের নামে অর্থ আত্নসাত ও ন্যায় বিচারের দাবীতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ভূক্তভোগিদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে চৌবাড়িয়া দেওজান সলিল সড়কে ফারজানা আক্তারের বাড়ীর সামনে ভূক্তভোগিরা মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে ভূক্তভোগিরা বলেন, উপজেলার দেওজান সলিলের মৃত. মোশারফ হোসেনের স্ত্রী ফারজানা আক্তার (৩৫), ঘিওরকোল গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী শারমিন আক্তার (৪০), ভারড়া গ্রামের মৃত. তাজে উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৫৫) ও চৌবাড়িয়া গ্রামের আমিরুলের স্ত্রী শান্তা বেগম (৩০) নামের এই চক্রটি সম্মিলিতভাবে বিদেশী ফান্ডের মাধ্যমে একটি প্রজেক্ট তৈরীর কথা বলে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক ব্যক্তিদের নিকট থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
এ ব্যাপারে ভূক্তভোগিরা টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাগরপুর থানা আমলী আদালতে পৃথক পৃথকভাবে বাদী হয়ে চক্রের চারজনকে বিবাদী করে কয়েকটি মামলা দায়ের করেছেন।
ভূক্তভোগিরা আরো বলেন, চক্রের সদস্যরা তাদের প্রজেক্টের সদস্য হয়ে ১ লাখ টাকা তাদের কাছে জমা রাখলে প্রথম মাসে ১২ হাজার টাকা, দ্বিতীয় মাসে ২০ হাজার টাকা এবং তৃতীয় মাসে ৩০ হাজার টাকা করে লভ্যাংশ দেওয়া কথা বলেন। এভাবে বুঝিয়ে আমাদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে প্রতারক চক্রটি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম, সোহরাব হোসেন, ঝর্ণা, বেগম, মনোয়ারা বেগম, সুরিয়া বেগম প্রমূখ। এ সময় মানববন্ধনে ভূক্তভোগি পরিবারসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।