
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে শারদীয় দূর্গোৎসবে মঙ্গলবার (২০ অক্টোবর) দেবী দূর্গার মহানবমী পূজা অনুষ্ঠিত হয়েছে। সকালে দুর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিতপূজা অনুষ্ঠিত হয়। মহা নবমীতে যজ্ঞের মাধ্যমে দেবীদুর্গার কাছে আহুতি দেওয়া হয়। ১০৮টি বেল পাতা, কাঠ, ঘি সহ অন্যান্য উপকরণ দিয়ে এই যজ্ঞ অনুষ্ঠিত হয়। যজ্ঞের মাধ্যমে জগতের অশুভ শক্তির বিনাশ কামনা করা হয়।
পূজাচ্চর্নায় অংশ নিতে ভক্তরা ভোর থেকেই মন্ডপে আসতে থাকেন। বিশ্ব শান্তি কামনায় ভক্তরা দেবী দূর্গার চরনে পুষ্পাঞ্জলি প্রদান করেন ভক্তরা। পূজা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
নবমী পূজা হলো শারদীয় দুর্গোৎসব বা নবরাত্রির নবম দিন বা তিথিতে উদযাপিত দেবী দুর্গার বিশেষ পূজা। যা দুর্গাপূজার প্রধান দিনগুলোর মধ্যে অন্যতম।
এই দিনে দেবী দুর্গাকে মহাশক্তিধর ‘মহিষাসুরমর্দিনী’ বা চামুন্ডা রূপে পূজা করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, দেবী চামুন্ডা অসুর চন্ড ও মুন্ডকে বধ করেছিলেন। মহানবমীতে দেবীর উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করে বিশেষ হোমযজ্ঞ করা হয়, যা পরিবেশ শুদ্ধ করে এবং দেবীর কৃপা আনে বলে বিশ্বাস।






