
স্টাফ রিপোর্টার ॥
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আমরা সবসময় একটি কথা বলি, যে আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশি। এখানে জাতি, ধর্ম, বর্ণ নিয়ে আমরা বিএনপিকে যারা বিশ্বাস করি, তারা কোনো ভেদাভেদ করি না। আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ যার যার ব্যক্তিগত জীবনে তারা যে ধর্ম পালন করুক। আর যে বিশ্বাস নিয়ে থাকুক আমরা সেটাকে শ্রদ্ধা করি, সম্মান করি এবং আমরা এটাও বিশ্বাস করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদীর যে আদর্শ আমাদের মাঝে দিয়ে গেছেন। সেই আদর্শ যদি আমরা অনুসরণ করি, তাহলে একটি ছোট্ট দেশ বাংলাদেশ। কিন্তু আমাদের জনসংখ্যা দীর্ঘ এই অল্প জায়গায় আমরা যেন মিলেমিশে সুখে-শান্তিতে সবাই একে অপরের আনন্দ এবং দুঃখ নিজেরা ভাগাভাগি করে নিতে পারি। সেই আদর্শেই কিন্তু বিএনপি বিশ্বাস করে এবং আমরা সেই আদর্শে কাজ করি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা গ্রামে রায় বাহাদুর দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির (সাহেব বাড়ি) পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও ভারতেশ্বরী হোমসের ভূয়সী প্রশংসা করে বলেন, এখানে সারা বাংলাদেশ থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করার সুযোগ পায়। এটা একটা বিরাট মানুষের কল্যাণে একটা অকল্পনীয় অবদান। এ সবকিছু মনে রেখে আমরা এই কুমুদিনী ফাউন্ডেশনের কার্যক্রমকে সমর্থন করি এবং আমরা সবসময় প্রতিবছর আমরা এখানে আসি এবং তাদেরকে আমরা সম্মান জানাই।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি।
এর আগে মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছে বজরা নৌকাযোগে লৌহজং নদী পার হয়ে পূজা অনুষ্ঠানে যোগ দেয় মন্ত্রী ও তাঁর সফর সঙ্গীরা। এ সময় তাদের উষ্ণ অভ্যর্থনা জানায় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। পরে তারা রণদা নাট মন্দিরে আয়োজিত মনোজ্ঞ গান ও আরতি অনুষ্ঠান উপভোগ করেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানান মন্ত্রী ও এমপি।





