স্টাফ রিপোর্টার ॥
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার কৃষিকে সনাতনী ও শ্রমনির্ভর ব্যবস্থা থেকে বের করে গবেষণা, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং যান্ত্রিকীকরণের মাধ্যমে একটি প্রযুক্তি নির্ভর, লাভজনক, প্রতিযোগিতামূলক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে ও কৃষিতে অধিকতর গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার। দেশের কৃষি ব্যবস্থার উন্নতির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার নেয়া পদক্ষেপের নানা দিক উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষিকে ডিজিটাল এবং প্রযুক্তি নির্ভর করতে কৃষি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করছে। কৃষক নিবন্ধন, কৃষক ডাটাবেজ, ডিজিটাল কৃষি সেবা, মোবাইল ভিত্তিক আবহাওয়া তথ্য, বাজার তথ্য, কৃষি পরামর্শ, ই-এক্সটেনশন সেবার সম্প্রসারণ এবং কৃষি সেবার অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সাথে কৃষি শিল্পের আধুনিকায়নে সরকার কৃষিতে রিমোট সেন্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস, ড্রোন প্রযুক্তি, জিআইএস, স্যাটেলাইট তথ্য, বিগ ডাটা এবং আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের কার্যক্রম গ্রহণ করেছে। এসব প্রযুক্তির মাধ্যমে ফসলের স্বাস্থ্য ও ফলন পর্যবেক্ষণ, রোগবালাই শনাক্তকরণ, সুনির্দিষ্ট সার ও সেচ ব্যবস্থাপনা এবং উৎপাদন পরিকল্পনা অধিক কার্যকর ও বিজ্ঞান ভিত্তিক হবে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতে টাঙ্গাইল ব্রি-প্রস্তাবিত আঞ্চলিক কার্যালয়ের আওতায় স্থাপিত প্রযুক্তি গ্রামের কার্যক্রম নিয়ে ধনবাড়ী উপজেলার কিসামত এলাকায় কৃষক সমাবেশ ও আগাম জাতের আমন ধান কর্তন উদ্বোধন ও সড়কের পাশে বৃক্ষ রোপনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, কৃষকের ডিজিটাল ডাটাবেজ ও সরকারি সেবা কৃষকের নিকট, সরাসরি পৌঁছে দেওয়ার জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে সারাদেশে প্রায় ২ কোটি ৭৫ লক্ষ কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর বিজ্ঞানীরা ধানের নতুন নতুন জাত অবিষ্কার করেছেন।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এলএসটিডি প্রকল্পের পরিচালক ড. আনোয়ার হোসেন তার বক্তব্যে জানান, এলএসটিডি প্রকল্পের আওতায় আমারা সারা বাংলাদেশে ধান গবেষনার মোট ৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপন করার মাধ্যমে ধান ভিত্তিক গবেষনাকে বিকেন্দ্রীকরণ করে সারাদেশের কৃষিকে সম গুরুত্বের আওতায় এনে স্থান ভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছি।
বাংলাদেশ চিনি শিল্প ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এলএসটিডি প্রকল্পের পরিচালক ড. আনোয়ার হোসেন ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইব্রাহিম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সহকারী প্রকল্প পরিচালক সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আফসানা আনসারী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মসউদ ইকবাল, বৈজ্ঞানিক কর্মকর্তা আদিবা আফরিন রিম, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে, মন্ত্রী ফকির মাহবুব আনাম ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজ মাঠে রনজিত চন্দ্র সাহার পৃষ্ঠপোষকতায় প্রতিভা বৃত্তি প্রকল্প গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি নেশা ও মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানিয়ে লেখাপড়ার প্রতি গুরুত্বারোপ করে নানা দিক তুলে ধরে বক্তব্য দেন।