
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে হামিদপুর বাজারে ব্যবসায়ীর দোকানঘর জোরপূর্বক দখল এবং দোকানে থাকা দুইশত বস্তা চাল ও ক্ষুদ চুরির অভিযোগ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে ভুক্তভোগী ব্যবসায়ী কালিহাতী পৌর বিএনপির সাবেক সভাপতি হানিফ উদ্দিন সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু বিচার এবং দোকানঘর ফেরত পাওয়ার দাবিতে জেলা বিএনপিসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সংবাদ সম্মেলনে হানিফ উদ্দিন বলেন, আমি দীর্ঘ ৪৫-৪৬ বছর ধরে হামিদপুর বাজারে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। সরকার কর্তৃক দোকানঘর বরাদ্দের পর আমার ছেলে ইমরান সিকদারের নামে লাইসেন্স নিয়ে সেখানে চালের ব্যবসা করছিলাম। একই সাথে নিয়মিত সরকারি ট্যাক্স প্রদান করে আসছিলাম। গত চার মাস আগে থেকে ঘাটাইল উপজেলার দিগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে বেশ কিছু লোক আমাদের দোকানটি তাদের দখলে নেওয়ার জন্য হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিল।
এ বিষয়ে আমি ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার এবং ঘাটাইল থানার লিখিত অভিযোগ করি। এ অবস্থায় গত (২১ অক্টোবর) সকালে আমি বাজারে গিয়ে দোকানের তালা ভাঙা থাকতে দেখতে চাই। দোকানে থাকা প্রায় দুইশ’ বস্তা চাল ও ক্ষুদ্র চুরি হওয়া দেখতে পাই। আমি এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি করছি। একই সাথে প্রশাসনের কাছে আমার বৈধ দোকান ও মালামাল ফেরত পাওয়ার আবেদন করছি।
এ বিষয়ে অভিযুক্ত ঘাটাইল দিগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা কোন চাল লুট করিনি।





