স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশ ষড়যন্ত্রের মুখে রয়েছে। স্বাধীনতা বিরোধী ও ফ্যাসিবাদীদের চক্রান্ত থেকে দেশ উদ্ধার ও পুণর্গঠনে জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। আগামী দিনে বাংলাদেশের রাজনীতি অনেক চ্যালেঞ্জের। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমরা ষড়যন্ত্রের মুখে আছি। কীভাবে এই জাতীয়তাবাদী শক্তিকে পরাস্ত করা যায়, কীভাবে নানা রকমের তকমা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায়-এই ষড়যন্ত্র চলছে। একদিকে স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত, অন্যদিকে ফ্যাসিবাদীদের চক্রান্ত। এই দুই চক্রান্ত থেকে দেশটাকে পুণর্গঠন করতে জাতীয়তাবাদী যুবদলের অনেক ভূমিকা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সখীপুর উপজেলা ডাকবাংলো চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সখীপুর উপজেলা ও পৌর যুবদল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান আরও বলেন, গত ১৭ বছরের হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে যুবকদের নেশার দিকে ঠেলে দেওয়া হয়েছে। বখাটে করে দেওয়া হয়েছে, শিক্ষাবিমুখ করে দেওয়া হয়েছে। এখন জাতীয়তাবাদী যুবদলের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে যুবকদের রাষ্ট্র পুনর্গঠনে দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করা। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল থেকে রাত পর্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেন।
যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে আহমেদ আযম খান বলেন, আপনারা জনগণের কাছে ভোট চাইতে গিয়েছিলেন, জনগণ মৌলবাদী ও ফ্যাসিস্টদের কথা শোনেনি। আরও কিছু রঙিলা প্রার্থী এসেছিল বস্তায় বস্তায় টাকা নিয়ে, তাদের কথাও শোনেনি। জনগণ আপনাদের বিশ্বাস করে ধানের শীষে ভোট দিয়েছে। সেই জনগণকে হতাশ করা যাবে না।
সখীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহম্মদ কবির হাসান, সাংগঠনিক সম্পাদক এস এম সবুর রেজা, যুবদলের সদস্য সচিব নাসির উদ্দিন আহমেদ এবং পৌর যুবদলের সদস্য সচিব কায়সার কাশেমসহ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।