ঘাটাইল প্রতিনিধি ॥
“একতা হোক শক্তি, কল্যাণ হোক সবার” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিগত ২০২২ সালে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন সাগরদিঘী প্রবাসী বন্ধু মহল ফাউন্ডেশনের নতুন অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা সাগরদিঘী ইউনিয়নে সাগরদিঘী প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাগরদিঘী প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি এরশাদ হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াসহ সকল সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী মোহাম্মদ আলী। এ সময় বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের উপদেষ্টা ও ব্যবসায়ী আক্কাস আলী, ‘মানবতার মেলবন্ধন’ হোয়াটসঅ্যাপ গ্রুপের আহ্বায়ক ও ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকী হক্কানী, গ্রুপের এডমিন মিজানুর রহমান, আব্দুর রাজ্জাক, আলতাফ হোসেন, সাব্বির আহমেদ, শান্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জালাল উদ্দিন ও সাকিল আহম্মেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ঐক্য, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই প্রতিটি সামাজিক সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত।প্রবাসীদের আর্থিক সহযোগিতা এবং স্থানীয় সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় এ ধরনের সংগঠন সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতেও মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে মানবিক উদ্যোগের অংশ হিসেবে সাগরদিঘী প্রবাসী বন্ধু মহল ফাউন্ডেশনের পক্ষ থেকে অসুস্থ রিপনের চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। আলোচনা সভা শেষে ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য, দেশ ও জাতির কল্যাণ এবং অসুস্থ রিপনের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।