.
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুরে স্ত্রী ও নবজাতক সন্তানকে বাড়িতে নিয়ে আসতে না পারার অভিমানে জিহাদ (২৫) নামের এক শ্রমিকের বিষপানে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার (২৮ অক্টোবর) বিষপানের পর চিকিৎসা নিয়ে রাতে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। পরদিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
জিহাদ মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ধামাবাশুরী গ্রামের আমির আলীর ছেলে। অন্যের জায়গায় বাড়ি করে বসবাস করতেন তিনি। ইটভাটাসহ বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি বিবাহিত। কয়েক দিন আগে তাঁর স্ত্রী প্রথম সন্তানের জন্ম দেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) স্ত্রী ও নবজাতক সন্তানকে দেখতে শ্বশুরবাড়ি যান জিহাদ। স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরতে চাইলে শ্বশুরবাড়ির লোকজন তাতে রাজি হননি। পরে একাই বাড়ি ফিরে বাবার কাছে স্ত্রী-সন্তানকে নিয়ে আসার জন্য বায়না ধরেন তিনি। তবে মাত্র পাঁচ-ছয় দিনের নবজাতককে নিয়ে আসার বিষয়ে বাবাও আগ্রহ দেখাননি। এতে অভিমান করে বুধবার (২৮ অক্টোবর) বিষপান করেন জিহাদ।
বিষপানের পর তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে ওঠেন। পরে গোপনে রাতে বাড়ি ফিরে আসেন তিনি।
পরদিন বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে আবার অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশী ও স্বজনেরা তাঁকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। প্রতিবেশী শুক্কুর আলী ও চাচা আব্দুল জানান, স্থানীয়দের আর্থিক সহায়তায় তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে তাঁর মৃত্যু হয়। পরে স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।