
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ইউনুস আল মুর্শেদের (৪৮) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। নিহত ইউনুস আল মুর্শেদ মির্জাপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং কাঁঠালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, আওয়ামী লীগ নেতা ইউনুস আল মুর্শেদ নিয়মিত বাড়ির পাশে লৌহজং নদীতে ধর্মজাল দিয়ে মাছ ধরতেন। প্রতিদিনের মতো শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলেও তিনি মাছ ধরতে নদীর ঘাটে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা ঘাটে তাঁকে খুঁজতে যান। পরে সেখানে নদীতে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান।
স্থানীয় বাসিন্দা শামীনুর মিয়া জানান, ধর্মজাল দিয়ে মাছ ধরতে পানিতে নামার প্রয়োজন হয় না। তাছাড়া সন্ধ্যার ঠিক আগেও অনেকে তাঁকে মাছ ধরতে দেখেছেন। উদ্ধারের পর দেখা গেছে, তাঁর দুটি চোখ ও একটি কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ছানু বলেন, মুর্শেদ একজন দক্ষ সাঁতারু ছিলেন। বুক সমান পানিতে ডুবে তাঁর কীভাবে মৃত্যু হতে পারে, তা কোনোভাবেই বোধগম্য নয়।
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।






