
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সাফল্যের ধারাবহিকতা অব্যাহত রেখে প্রতিবারের মতো এবারও এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পেয়েছে। ৪১ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। শনিবার (৩১ অক্টোবর) চলতি বছর এইচএসসি পরীক্ষার ফলাফল দেয়া হয়।
কলেজ সূত্রে জানা যায়, এ বছর মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ৫৮ তম ব্যাচে ৪১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এরা প্রত্যেকেই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে এবারও সবাই (৪১ জনই) জিপিএ-৫ পেয়েছে।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবুল কালাম আজাদ বলেন, এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে ক্যাডেটদের একনিষ্ঠ অধ্যবসায়, কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকি, শিক্ষকবৃন্দের নিরলস প্রচেষ্টা ও সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের প্রেরণা ও আন্তরিক সহযোগিতা।
তিনি এই সাফল্যে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানের এই কৃতিত্ব অব্যাহত রাখার আশাবাদ ব্যাক্ত করেন।






