স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল শহরে সাড়ে ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিপ্লব নামে এক তরুণের বিরুদ্ধে। ধর্ষণের সময় শিশুটির মুখ ও নাক ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়। শুক্রবার (৩০ অক্টোবর) পৌর শহরের ক্যাপসুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার (৩০ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু হাসপাতালে ওই শিশুকে দেখতে যান।
শিশুটির মা জানান, ক্যাপসুল মার্কেট এলাকার একটি ভবনে তাঁর কাপড়ের দোকান আছে। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি শিশু মেয়েকে (৬) সঙ্গে নিয়ে দোকানে যান। আদালতপাড়ার বাসিন্দা অভিযুক্ত বিপ্লব দোকানে প্রায়ই আসা-যাওয়া করতেন। ওই দিন বিকেলে জরুরি প্রয়োজনে তিনি সন্তানকে দোকানে রেখে ভবনের নিচে যান। পরে দোকানে এসে দেখেন, মেয়ে নেই। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এক পর্যায়ে বিপ্লব তাঁর দোকানে তিনটি চিপসের প্যাকেট নিয়ে যান। মেয়ের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি নানা টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে উল্টাপাল্টা কথা বলে দোকান থেকে বেরিয়ে যান। পরে হাসপাতাল থেকে খবর আসে, তাঁর মেয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তাকে ধর্ষণ করা হয়েছে। এক রিকশাচালক তাঁর মেয়েকে হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন।
হাসপাতালে শিশুটি তার মাকে জানায়, ক্যাপসুল মার্কেট এলাকায় বিপ্লব তার সঙ্গে শারীরিক সংসর্গ করেছে। সে বাধা দেওয়ায় ইট দিয়ে তার মুখ ও নাকে সজোরে আঘাত করা হয়েছে। শিশুটির মা বলেন, ‘আমার মেয়েটার খুব কষ্ট হচ্ছে।’
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আল আমিন সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে মেডিকেল টিমের সদস্যরা শিশুটিকে ধর্ষণের আলামত পেয়েছেন। যৌনাঙ্গের পর্দা ছিড়ে গেছে। এছাড়া শিশুটির নাক ফেটে গেছে। ঠোঁটে একাধিক সেলাই দিতে হয়েছে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টায় শিশুটির মা বাদী হয়ে বিপ্লবকে আসামি করে মামলা করেছেন।
পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন শিশুটির স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। তার চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিমন্ত্রী আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।
টাঙ্গাইল ব্যবসায়ী ঐক্য জোটের সহসভাপতি হাসান ইমাম শাকিল বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। শিশুটির মা একজন ব্যবসায়ী। আমরা ধর্ষণকারীর দ্রুত গ্রেপ্তার ও শাস্তি চাই।