
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। রোববার (১ নভেম্বর) সকালে কালিহাতী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ আলী। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিনসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও যুব উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া দুইজন যোগ্য যুবদের মধ্যে ৩ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।






