
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে আলোচিত সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যা চেষ্টার ঘটনায় ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) বিকেলে সবর্দা নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগে শহরের শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সভাপতি শাহিন সরকার, সাধারণ সম্পাদক মারুফ সিকদার তানভীর, প্রতিষ্ঠিতা সোয়াদা তাসমো, সাংগঠন সম্পাদক সাকিব আল হাসান, হিউম্যানিটি ব্লাড গুরুপ ফাউন্ডেশন সভাপতি সুমন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এ ঘটনায় অভিযুক্ত বিপ্লবকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। যাতে করে আর কেউ এমন কাজ করতে সাহজ না পায়। এছাড়া প্রশাসনকে এর ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। মানববন্ধন শেষে শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়।
এর আগে এ ঘটনায় রোববার (১ নভেম্বর) দুপুরে অভিযুক্ত মূলহোতা বিপ্লবকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বিপ্লব মাদকাসক্ত এবং ভবঘুরে ছিলো বলে পুলিশ জানিয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে ওই শিশুর মা ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা করেন। মামলার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম অভিযুক্তকে গ্রেপ্তারে মাঠে নামে।
উল্লেখ্য, শুক্রবার (৩১ অক্টোম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। এ সময় শিশুটি চিৎকার ও বাধা দিলে অভিযুক্ত বিপ্লব ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করে। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে এক রিকশাচালক শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি জানার পর শনিবার (৩১ অক্টোবর) গভীর রাতে হাসপাতালে ছুটে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় শিশুটির মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন এবং চিকিৎসার সব ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।
টাঙ্গাইলে নির্যাতনের শিকার সাড়ে ছয় বছরের শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। পরে রোববার (১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে শিশুটিকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।






