স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাতে পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার মৃত মিন্টু মিয়ার ছেলে রাকিব হোসেন (২৫) এবং একই এলাকার মোশারফ হোসেন গুড়খার ছেলে নুর মোহাম্মদ (৩৫)।
এছাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়থাচালা এলাকার শাহিনুর রহমানের ছেলে জাহিদ হাসান (৩৫) এবং ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সোয়াইতপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে জুলহাস মিয়া (২৮)।
জুলহাস বর্তমানে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজার এলাকায় জনৈক আনোয়ারের বাসায় ভাড়া থাকতেন।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, মাদক সেবন ও বিক্রির অভিযোগে পুলিশের বিশেষ অভিযানে তাদের মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার (২ নভেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে।