
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-১৪। সোমবার (৩ নভেম্বর) রাতে ঘাটাইল-ময়মনসিংহ সড়কের কদমতলী এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ অভিযান চালায়। এ সময় গ্রেফতার করা হয়- হবিগঞ্জ জেলার সাকিবুল হাসান রনি (২৫), রায়হান উদ্দিন (৩০), নারায়ণগঞ্জ জেলার সোনিয়া (৩৮), পিরোজপুর জেলার বন্যা আক্তার (২৮)।
টাঙ্গাইল এসআরবি-১৪ এর ৩নং কোম্পানি প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির ধারাবাহিকতায় একটি দল ঘাটাইল উপজেলার সড়কের কদমতলী এলপিজি ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ নভেম্বর) রাতে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘আকন্দ এক্সপ্রেস’ নামক একটি যাত্রীবাহী বাস চেকপোস্টে থামানো হয়।
পরবর্তীতে সন্দেহভাজন যাত্রীদের বাস থেকে নামিয়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বাসের লকার, বক্সে থাকা ৩টি ট্রাভেল লাগেজ তল্লাশি করা হয়। লাগেজগুলো থেকে বিশেষ কায়দায় পলিথিনে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক কেনাবেচায় ব্যবহৃত ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনব কায়দায় যাত্রীবেশে সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে আসছিল। পরবর্তীতে তারা এসব মাদক দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে।






