স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) উপজেলার ১২ ইউনিয়ন থেকে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নাগরপুর সরকারি কলেজ মাঠে সমাবেত হন। পরে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর নেতৃত্বে বিশাল একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাগরপুর মহিলা কলেজ মিলনায়তনে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানার সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকদলের সভাপতি আরিফুল ইসলাম নবার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, নাগরপুর মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগম মুকুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুক, ফরহাদ হোসেন ডেভিড, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম। স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল কাশেম মানিক, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষকদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল প্রমুখ। এ সময় উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭৫ সালের (৭ নভেম্বর) একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিত। দিবসটি বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে সংঘটিত একাধিক ঘটনার সঙ্গে গভীরভাবে জড়িত। বিশেষ করে তৎকালীন সেনাবাহিনীর উপ প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের মুক্তির ঘটনা এই দিনের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে।