স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারী অবৈধ ড্রেজার ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের পাহাড়পুর এলাকায় ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন ওই এলাকার রফিকুল ইসলাম নামের ব্যক্তি।
এমন খবরে রবিবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বালু উত্তোলনকাজে ব্যবহৃত ১টি ড্রেজার ও ২০০ মিটার পিভিসি পাইপ বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার বলেন, উপজেলার যেখানেই অবৈধভাবে নদীর বালু উত্তোলন, কৃষি জমির টপ সয়েল নষ্ট করে শ্রেণী পরিবর্তনসহ সরকারি সম্পদ বিনষ্ট করার খবর পাওয়া যাবে সেখানেই অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলমান রয়েছে এবং অব্যহত থাকবে।