স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর বাড়িতে দুর্র্ধষ ডাকাতি হয়েছে। ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওই বাড়ির গৃহকর্মী জেলেমন বেওয়া বলেন, ৬ জনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। একজনের হাতে বন্দুক এবং অন্যদের হাতে দেশীয় অস্ত্র রামদা-চাপাতি ছিল। সবার পরণে শর্ট প্যান্ট ও মুখে কালো মুখোশ ছিল। ডাকাতদল মোজহারুল ইসলাম তালুকদারের স্ত্রী নাজনীন সুলতানা রেখা ও গৃহকর্মী জেলেমনকে হাত বেঁধে মারধর করে আলমিরা ভেঙে নগদ ৬ হাজার টাকা, ২ টি মোবাইল ফোন, আনুমানিক দেড় ভরি স্বর্ণালংকার ও বিদেশি কম্বলসহ জিনিসপত্র নিয়ে যায়।
এদিকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঘটনাস্থলের নিকটবর্তী একই গ্রামের নগরবাড়ী সাব পোস্ট অফিস কার্যালয়ের ভেতরে সুমন মিয়া (৩০) নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়। সে ওই গ্রামের ওমর আলী ড্রাইভারের ছেলে। পোস্ট মাস্টার আমিনুল ইসলাম বলেন, অফিসের ভেতরে সুমনকে আটক অবস্থায় পাওয়া যায়। অফিসের দরজার দুটি তালা ভাঙা ও ভেতরের কাগজপত্র তছনছ ছিল। পরে পুলিশ এসে ওকে নিয়ে গেছে। আমাদের পরিদর্শক গোলাম মোস্তফা বাদী হয়ে বিকেলে কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এদিকে ডাকাতির শিকার বাড়ি ও পোষ্ট অফিস পরিদর্শন করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আদিবুল ইসলাম, কালিহাতী থানার (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী, ডিবি উত্তরের (ওসি) এবিএম এস দোহা, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহর আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল আলম শাজাহান ও নারান্দিয়া টিআরকেএন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফাসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, আটক সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়ির ঘটনায় মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।