
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। বুধবার (১১ নভেম্বর) উপজেলার বানাইল ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা। এ সময় মির্জাপুর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব মণ্ডল ও পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বানাইল ইউনিয়নের সার ডিলার ওই গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে মোজ্জামেল হোসেন ও একই ইউনিয়নের ভররা গ্রামের ফজলুর রহমানের ছেলে আলম হোসেন সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
সরেজমিনের অভিযোগে সত্যতা পেলে মোজ্জামেল হোসেনকে ১৫ হাজার ও আলম মিয়ার কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তৌহিদ রেজা জানিয়েছেন।






