স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না থাকায় একটি শিল্প প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর) টাঙ্গাইল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে বিসিক শিল্প নগরী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, টাঙ্গাইল বিসিক শিল্প নগরীতে অবস্থিত ‘এইচ আর পি মেটাল’ (পূর্বনাম: ব্রাদার্স মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড) দীর্ঘদিন ধরে নবায়নকৃত পরিবেশগত ছাড়পত্র ব্যতিরেকে কার্যক্রম পরিচালনা করে আসছিলো। পরিবেশ সুরক্ষা ও আইন অনুসরণের অংশ হিসেবে বুধবার (১১ নভেম্বর) সেখানে অভিযান চালায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর। অভিযানে পরিবেশগত নিয়ম অমান্য করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক নুরুল আমিন প্রধান। অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদফতর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল এবং সংশ্লিষ্ট কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টাঙ্গাইল জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ অধিদফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পরিবেশ আইন বাস্তবায়নে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে এ ধরনের অভিযান টাঙ্গাইল জেলাজুড়ে নিয়মিত অব্যাহত থাকবে।