স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বাজারে সরকারি জমি দখল করে গাছ কেটে সাতটি ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এর মধ্যে দুটি ঘর মোটা অঙ্কের টাকায় বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। গাছ কাটায় বাধা দেওয়ায় ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার ছয় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও সরকারি জমি উদ্ধারে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে রাতের আঁধারে সরকারি জমির একটি বড় গাছ কেটে সেখানে সাতটি ঘর নির্মাণ করা হয়। এ সময় বাধা দিতে গেলে ভূমি অফিসের অফিস সহায়ক রেজাউলকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগ, শাহীন, ফরিদ, সুজন, রাজিব ও মামুনসহ কয়েকজন এ হামলায় জড়িত ছিলেন। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের মির্জাপুর শাখার উপসহকারী প্রকৌশলী আফিজুর রহমান জানান, ঘর নির্মাণের সময় জিও ব্যাগ নষ্ট করা হচ্ছিল। নিষেধ করার পাশাপাশি এ বিষয়ে ইউএনও কার্যালয়ে চিঠিও দেওয়া হয়েছিল।
সরেজমিনে দেখা যায়, একটি ঘরে ‘ইসলামি পাঠাগার’ লেখা সাইনবোর্ড থাকলেও সেখানে চায়ের দোকান চলছে। পাশাপাশি রয়েছে বাজার বণিক সমিতি ও ইউনিয়ন বিএনপির কার্যালয়।
বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক শাহীন জানান, সেখানে দুটি ঘর ভাড়া দেওয়া হয়েছে। এদিকে, সরকারি জমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে ব্যবসায়ী অপু সিকদার ইউএনওর কাছে দুটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, বিষয়টি যাচাই করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সরকারি জমিতে নির্মিত অবৈধ ঘরগুলো উচ্ছেদ করা হবে।