স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় প্রাইভেট পড়ানোর আড়ালে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উয়ার্শী ইউনিয়নের মৈশামূড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত সবুজ (৪৫) দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানি গ্রামের গাজী মিয়ার ছেলে। মৈশামুড়া বাজারে ফটোকপি ও স্টেশনারির দোকান পরিচালনা করতেন তিনি। ওই দোকানেই তিনি কয়েকজন প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ঘটনার দিন স্কুল ছুটির পর প্রাইভেট পড়তে শিশুসহ তার দুই ছেলে সহপাঠী অভিযুক্তের দোকানে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেটের নির্ধারিত সময় অতিবাহিত হওয়ায় মেয়ে বাড়িতে ফিরে না আসায় তার মা খোঁজ নিতে ওই দোকানে যান। সেখানে গিয়ে দোকানের শাটার বন্ধ দেখতে পান। পরে শাটার খুলে ভেতরে নিজের মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। এ সময় শিশুটি দোকান থেকে বেরিয়ে মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। পরে শিশুটি তার মাকে জানায়, অভিযুক্ত প্রাইভেট শিক্ষক সবুজ (৪৫) তাকে ভয়ভীতি দেখিয়ে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন এবং ধর্ষণ করেছেন।
মেয়ের কাছ থেকে এমন অভিযোগ শোনার পর মা আশপাশের লোকজনকে ডেকে জড়ো করেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে অভিযুক্ত প্রাইভেট শিক্ষক সবুজকে আটক করেন। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত প্রাইভেট শিক্ষক সজুবকে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। নারী ও শিশু আইনে মামলা হয়েছে।
এর আগে গত সোমবার (৯ নভেম্বর) উপজেলার উয়ার্শী ইউনিয়নের নতুন কহেলা গ্রামে “নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে তপন সরকার নামের এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এসব ঘটনাকে কেন্দ্র করে পুরো উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।