
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় স্বর্ণের বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কানের স্বর্ণের দুল কৌশলে খুলে নেয়ার অভিযোগ উঠেছে দুই প্রতারকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে এ ঘটনায় স্থানীয় জনতা ধাওয়া করে দুইজনকে আটক করে গণপিটুনি দেয়। পরে আটককৃতদের পুলিশের হাতে তুলে দিয়েছে জনগন। আটককৃত দুই প্রতারক হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার মেগারবাড়ি গ্রামের মুসা ও জসিম উদ্দিন।
জানা গেছে, প্রতারণার শিকার ওই নারীর বাড়ি বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন এলাকায়। তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সখীপুর থেকে বাসাইলের দিকে আসছিলেন। পথে বাসাইল পৌর এলাকার গাজির ভাঙা এলাকায় পৌঁছালে দুই ব্যক্তি ওই নারীকে তাদের গাড়িতে তুলে নেয়। একপর্যায়ে স্বর্ণের বিস্কুট দেখিয়ে তাকে প্রলুব্ধ করে এবং বিশ্বাস অর্জনের পর কৌশলে তার কানের স্বর্ণের দুল খুলে নেয়।
বিষয়টি বুঝতে পেরে ওই নারী কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তবে এর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে রায়বাড়ি এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।
খবর পেয়ে বাসাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবি, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের সঙ্গে এ ধরনের প্রতারণা করে আসছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।





