
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুতই ১৫১ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি আরও বলেন, গত ১৮ বছর বাসাইলের এই হাসপাতাল পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, জনস্বাস্থ্য প্রকৌশলীর সাথে কয়েক দফায় কথা বলেছি। সারাদেশের সকল উপজেলায় ১৫১ শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে। এই হাসপাতালের বঞ্চিত অবস্থার কারণেই এই হাসপাতালের ভবনের টেন্ডার প্রথম ধাপেই হবে। বিভিন্ন শূন্যপদের বিপরীতে কর্মচারী ও চিকিৎসক এবং যন্ত্রপাতির ব্যবস্থাও নিশ্চিত করা হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম বলেন, হাসপাতালে নার্স ও চিকিৎসকদের কতজন এইখানে বেতন নিয়ে অন্যত্র সেবা প্রদান করেন– এ সকল বিষয়ে কথা বলেছি। পরিচ্ছন্নতাকর্মীসহ অন্যান্য ষ্টাফ পর্যাপ্ত আছে কিনা, সে বিষয়ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে তদারকি করার নির্দেশ দিয়েছি। দীর্ঘদিন যাবত বাসাইলবাসী যে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে তার থেকে সকলকে আমরা রেহাই দিতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন, বাসাইল উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিলকিস চৌধুরী, বাসাইল থানার (ওসি) আলমগীর কবির, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।






