
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত দুই দিনে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন বৃহস্পতিবার (১২ নভেম্বর) এবং অপরজন শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মারা গেছেন। পরপর দুই দিনে দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মারা যাওয়া দুইজন হলেন- সখীপুর উপজেলার উত্তর গড়বাড়ি এলাকার জুলহাস উদ্দিনের ছেলে মাহবুব হোসেন নাজমুল এবং প্রতিমা বংকী এলাকার মাদ্রাসাশিক্ষক আবু বকর সিদ্দিকের স্ত্রী আসমা আক্তার।
পারিবারিক সূত্রে জানা যায়, মাহবুব হোসেন নাজমুল বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। তিনি উপজেলার ইন্দারজানি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান আসমা আক্তার। তিনি প্রতিমা বংকী কামিল মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক আবু বকর সিদ্দিকের স্ত্রী।
পরপর দুই দিনে ডেঙ্গুতে দুইজনের মৃত্যুতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।





