স্টাফ রিপোর্টার ॥
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে বুঝতে হলে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। কারণ বাংলাদেশ ও মওলানা ভাসানী প্রকৃত অর্থেই এক ও অবিভাজ্য সত্তা। তিনি ছিলেন শোষণ, বৈষম্য, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামী নেতা এবং বিশ্বশান্তি ও মজলুম মানুষের মুক্তির প্রতীক। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন বর্তমান প্রজন্মের জন্যও অত্যন্ত প্রাসঙ্গিক। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (১৫ নভেম্বর) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে যুগান্তর সম্পাদক ও বাসস চেয়ারম্যান কবি আবদুল হাই শিকদার এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক আনিছুর রহমান এবং টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের সদস্য সচিব মাহমুদুল হক সানু।
সেমিনারে কবি আবদুল হাই শিকদার বলেন, মওলানা ভাসানী ক্ষমতার রাজনীতি করেননি; বরং রাজনীতিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। কৃষক, শ্রমিক ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। কাগমারী সম্মেলন, ঐতিহাসিক ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ এবং ফারাক্কা লংমার্চ তাঁর দূরদর্শী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। ভাসানীর রাজনৈতিক দর্শনের পাশাপাশি সাংস্কৃতিক চিন্তাভাবনাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতি ও সংস্কৃতির মধ্যে নিবিড় সম্পর্ক থাকা প্রয়োজন বলে তিনি মনে করতেন। নিজের পারিবারিক স্মৃতিচারণ করে কবি আবদুল হাই শিকদার বলেন, তাঁর দাদা নাজিমুদ্দিন শিকদার ছিলেন ভাসানীর ঘনিষ্ঠ সহচর এবং তাঁর বাবা ছিলেন ভাসানীর সরাসরি ছাত্র। এমনকি তাঁর জন্মের পর ভাসানী নিজেই তাঁর নাম রেখেছিলেন। মওলানা ভাসানীর সঙ্গে তাঁর পরিবারের দীর্ঘদিনের আত্মিক ও পারিবারিক সম্পর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
‘হক কথা’ পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি ছিল অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদী কণ্ঠস্বর। পত্রিকাটির প্রকাশিত বিভিন্ন ঐতিহাসিক দলিল বাংলাদেশের রাজনৈতিক ও সাংবাদিকতার ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভাসানীর স্বপ্নের ইসলামী বিশ্ববিদ্যালয়ের চিন্তা ও আদর্শকে বর্তমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তাঁর স্মৃতি সংরক্ষণে পীর শাহজামানের নামে একটি ছাত্রাবাস এবং রাবেয়া বসরীর নামে একটি ছাত্রীনিবাস প্রতিষ্ঠার প্রস্তাবও দেন তিনি।
সেমিনারে বিশেষ আলোচক মাহমুদুল হক সানু মওলানা ভাসানীর আদর্শ, রাজনৈতিক সংগ্রাম ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ অতিথি এস এম ওবায়দুল হক তাঁর বক্তব্যে ভাসানীর জীবন, আদর্শ ও টাঙ্গাইলের মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্কের বিষয়টি তুলে ধরেন। সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞান ও প্রযুক্তিতে একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়তে চাই। এখান থেকে শিক্ষা শেষ করে শিক্ষার্থীরা কিভাবে চাকরি পাবে তাদেরকে সময়োপযোগী করে তোলার জন্য যা করা প্রয়োজন সেই ব্যবস্থা করা হবে। এজন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে সহযোগিতা করতে হবে। আমি দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করি। বিশেষ অতিথি প্রো ভাইস-চ্যান্সেলর বলেন, ভাসানী ছিলেন, ধর্ম, বিজ্ঞান ও রাষ্ট্র চিন্তায় আধুনিক। তিনি একজন বয়স্ক মানুষ হয়েও লংমার্চ করেছেন। তিনি ৯৫ বছর বয়সেও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সারাজীবন সংগ্রাম করেছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেমিনার উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী স্টাডিজের কোর্স টিচার সৈয়দা উসতু আনা হান্নানা। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আবু জুবাইর, বিজিই বিভাগের অধ্যাপক ও রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত ড. এ কে এম মহিউদ্দিন এবং প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ।
প্রধান আলোচক তাঁর বক্তব্যের শেষ পর্যায়ে বলেন, শুধু আলোচনা ও স্মরণসভায় সীমাবদ্ধ থাকলে ভাসানীর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে না। বরং তাঁর আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই তাঁকে যথার্থভাবে মূল্যায়ন করতে হবে। অন্যায়, স্বৈরতন্ত্র, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে ভাসানীর আদর্শই হতে পারে আমাদের পথচলার দিকনির্দেশনা।