
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় মহেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদশা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) সকালে মির্জাপুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত সুজন মিয়া বাদী হয়ে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে বাদশা মিয়াকে গ্রেফতার করা হয়।
মামলায় প্রধান আসামি করা হয় টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভকে। এছাড়া ৮ নম্বর আসামি হিসেবে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ এবং সাধারণ সম্পাদক তাহারিম হোসেন সীমান্তকে।
মির্জাপুর থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের (৪ আগস্ট) ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। এ সময় এজাহারনামীয় আসামিরাসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন সন্ত্রাসী লাঠি, লোহার রড, চাইনিজ কুড়াল, পিস্তল, শটগান ও রিভলবার নিয়ে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তদন্তের ভিত্তিতে সাবেক চেয়ারম্যান বাদশা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।






