
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও গোড়াই ফ্লাইওভার এলাকায় পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর উপজেলার গোড়াই ইউনিয়নের এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মির্জাপুর থানা পুলিশ শুক্রবার (২০ নভেম্বর) সকালে বিস্ফোরক আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের খন্দকার চাতকের ছেলে খন্দকার সিফাত (১৯), একই গ্রামের শফিকুর রহমানের ছেলে রিফাত খান, ঘাটাইল উপজেলার ফুলমালির চালা গ্রামের রেজাউল করিমের ছেলে সাজ্জাদ হোসেন (২১), নির্মল চন্দ্রের ছেলে অমৃত চন্দ্র (২১) এবং সুজন চন্দ্র সেতু চৌধুরীর ছেলে প্রশান্ত চন্দ্র (২২)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রিফাত খান দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে ছিলেন। অন্য চারজনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে পুলিশের দাবি।
এদিকে, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার পাঁচজনের কেউই মির্জাপুর উপজেলার বাসিন্দা নন। তাঁরা পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে মির্জাপুরে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের নির্দেশনায় নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেন বলে পুলিশের দাবি। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, গত বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার পাশে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে গোড়াই ফ্লাইওভারের নিচে ও আশপাশের এলাকায় পেট্রোল বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনার পর গোড়াই এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।






