
স্টাফ রিপোর্টার ॥
“উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল” শ্লোগানে মুখরিত হয়ে টাঙ্গাইল বিসিক শিল্পনগরীতে সেমিনার ও সনদ বিতরণ করা হয়েছে। শিল্প মন্ত্রনালয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) টাঙ্গাইল শাখা আয়োজিত শুক্রবার (৩০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল শিল্পনগরী কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজির আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ৫১ নারী উদ্দ্যোক্তাদের সনদ বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উদ্যমী নারী হিসেবে প্রথমেই সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার নাম বলবো। তিনি প্রথম নারীদের কাজে উদ্যমী করেছেন। তিনিই নারীদের বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন। তিনি নারীদের প্রাথমিক বিদ্যালয়ে অগ্রাধিকার চাকুরিতে অন্তর্ভুক্ত করেছেন। উদ্যমী নারীরাই এই শিল্পকে এগিয়ে নিচ্ছেন। নারীদের শিল্পক্ষেত্রে অপরিসীম অবদান রয়েছে। টাঙ্গাইলের বিসিক শিল্পনগরী শিল্পে সমৃদ্ধ হতে পারে, সেই বিষয় সজাগ থাকবেন এবং সহযোগিতা করার কথা বলেন।
বিসিকের আঞ্চলিক পরিচালক মানছুরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক শিল্পনগরীর উপ-ব্যবস্থাপক মেরাজ উদ্দিন। শিল্পের দিক নির্দেশনামূলক প্রবন্ধ উপস্থাপন করেন মওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. কানিজ মারিয়াম আক্তার, টাঙ্গাইল চেম্বার অ্যান্ড কর্মাস ইন্ডাট্রির ভাইস চেয়ারম্যান নুরুল আলম, সহ-সভাপতি স্বপন ঘোষ।
এছাড়াও বক্তব্য রাখেন নাসিব টাঙ্গাইলের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, বিসিক বিপণন বিভাগের মহাব্যবস্থাপক শেফালী বেগম, বিসিকের দক্ষতা ও প্রযুক্তির বিভাগের প্রকৌশলী দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উদ্দ্যোক্তা বৃষ্টি আক্তার, তানজিনা ইসলাম, লতা প্রমুখ।






