স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার উয়ার্শী ইউনিয়নের দেওলীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জহিরুল ইসলাম দেওলীপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বিগত ২০২৪ সালের (৪ আগস্ট) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ছররা গুলি ছোড়ে। এতে আন্দোলনে অংশ নেওয়া গোড়াই লালবাড়ি এলাকার হিমেল নামে এক যুবক দুই চোখের দৃষ্টিশক্তি হারান।
এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল আদালতে একটি মামলা করেন। মামলায় পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১০০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় জহিরুল ইসলামের সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল জানান, অভিযান চালিয়ে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে তাঁকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।