
স্টাফ রিপোর্টার, কালিহাতী/ গোপালপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে যথাক্রমে ১৫ দিন ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপর একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে এ মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে একজনকে ১৫ দিন এবং অপরজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্য একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকীসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। শনিবার (২৮ নভেম্বর) গোপালপুর উপজেলার নবগ্রাম ও আভুঙ্গী এলাকায় গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুরুল মোরশেদ, শিবনাথ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসার আরো উপস্থিত ছিলে মাদক নিয়ন্ত্রণের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক সেবনের দায়ে মাসুম ও সজীব নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সজীবকে ৬ মাস এবং মাসুমকে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। কারাদণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






