
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ সংগঠন) ও আওয়ামী লীগের দুই নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল শহর শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাইজীদ বোস্তামী এবং বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
বাইজীদ বোস্তামীকে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে এবং কাজী অলিদ ইসলামকে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মিরপুর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানবীর আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর থানা পুলিশের একটি বিশেষ দল বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে টাঙ্গাইল শহর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাইজীদ বোস্তামীকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত বাইজীদ বোস্তামীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় বেশকয়েকটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে একটি মামলায় ইতিমধ্যে ওয়ারেন্ট বের হয়েছে। তাকে ওই ওয়ারেন্ট বলে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাকে টাঙ্গাইল কোর্টে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে।
এদিকে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত সোমবার (১৫ সেপ্টেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম রয়েছেন।






