
গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজারিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গোপালপুর থানায় এ সভার আয়োজন করে গোপালপুর থানা পুলিশ। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা হাবিব খান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফ উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, টাঙ্গাইল পূজা উদযাপন ঐক্য ফ্রন্ট পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক প্রবীর চন্দ্র চন্দ, গোপালপুর পূজা উদযাপন কমিটির সভাপতি অভিজিৎ দে নিন্টু, সদস্য সচিব প্রলয় কুন্ডু।
এ সময় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ ও পূজারিবৃন্দসহ পুলিশ সদস্য ও পূজা মন্ডপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তারা পূজার সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় জানানো হয়, এ বছর গোপালপুর উপজেলায় মোট ৫৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য ৪ জন করে আনসার সদস্য এবং ২ জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সর্বক্ষণ টহল পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পূজার সময় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।






