
স্টাফ রিপোর্টার ॥ অভিনব কায়দায় পেটের ভেতরে ভরে ইয়াবা পাচারকালে টাঙ্গাইলে র্যাবের অভিযানে তিন হাজার নয়শত তেতাল্লিশ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) ঢাকা-যমুনাসেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভূঞাপুরগামী মোড়ে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মোঃ শামসুল আলম (৫০)। তার বাড়ি বান্দরবান জেলায়। রোববার (৩০ নভেম্বর) সকালে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল শনিবার (২৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-যমুনাসেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভূঞাপুরগামী মোড়ে তল্লাশী অভিযান পরিচালনা করে। উক্ত তল্লাশী অভিযানকালে সিএনজি থেকে ধৃত মাদক কারবারি মোঃ শামসুল আলম (৫০), জেলা-বান্দরবান পালানোর চেষ্টা করলে তাকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধৃত মাদক কারবারি বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেট খেয়ে পেটের মধ্যে রাখার কথা স্বীকার করে। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে পেটের মধ্যে বিশেষ কৌশলে মাদক দ্রব্য সংরক্ষিত রাখার সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তিন হাজার নয়শত তেতাল্লিশ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট তার পেট থেকে বের করা হয়। এসময় ১ টি মোবাইল ফোন ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৩ হাজার একশ’ সত্তুর টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার এগার লক্ষ পচাঁশি হাজার টাকা।
ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় আলামতসহ মাদক কারবারিকে হস্তান্তর করা হয়েছে।






