
গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুরে তৃষ্ণা মেটাতে গিয়ে পানির ট্যাংকে পড়ে জুনায়েদ (৮) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাদাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জুনায়েদ স্থানীয় সোনামুই কেজি অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১১ জানুয়ারি) সকালে মায়ের সঙ্গে স্কুলে আসে জুনায়েদ। ক্লাস চলাকালীন পানির তৃষ্ণা পেলে সে কাউকে কিছু না জানিয়ে পাশের একটি মসজিদের টিউবওয়েলে পানি পান করতে যায়। এ সময় অসাবধানতাবশত টিউবওয়েলের কাছে একটি খোলা পানির ট্যাংকে পড়ে শিশু জুনায়েদ তলিয়ে যায়।
দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং ও তল্লাশি চালানো হয়। পরে স্থানীয়রা দেখে বিকেল ৫টার দিকে ওই ট্যাংকের ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। জুনায়েদের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জনসমাগমস্থলের এমন ঝুঁকিপূর্ণ ট্যাংকগুলো দ্রুত ঢেকে রাখার দাবি জানিয়েছেন।






