
স্টাফ রিপোর্টার ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আহমেদ আযম খানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী পথসভায় গণভোজের আয়োজন করার অভিযোগে তাকে জরিমানা করা হয়।
বুধবার (২৮ জানুয়ারী) টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের উত্তর আড়াইপাড়া এলাকায় সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন্নাহার শীলার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আহমেদ আযম খানের কর্মী-সমর্থকরা কালিয়া ইউনিয়নের উত্তর আড়াইপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণার পথসভাকে কেন্দ্র করে গণভোজের আয়োজন করেছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন। পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।






