
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৫ (সদর) আসনের (হরিণ) প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবালের নির্বাচনী প্রচারণার গাড়ী বহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফ্রেরুয়ারী) টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ হামলার জন্য বিএনপি মনোনীত (ধানের শীষের) প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর কর্মীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল।
লিখিত বক্তব্য তিনি বলেন, সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের দুলাল মোড়, মালতী পাড়া এলাকায় আমার নির্বাচনী প্রতীক (হরিণ) মার্কার প্রচারণা চলাকালীন সময় আমার গাড়িবহরের ওপর একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল অতর্কিত ও পরিকল্পিত হামলা চালায়। এই হামলাটি আমার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর কর্মী আজগর আলী ও কামরুল মোল্লার প্রত্যক্ষ নির্দেশনায় সংঘটিত হয়েছে। হামলায় নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন উজ্জ্বল, মজনু মৃধা, আব্বাস মৃধা, রেজাউল, শুভ, শাকিল, আবুতালেব, আসলাম, শাহাদাৎ, মোহাম্মদ, তারিবুল্লাহ, মসলেম, মধু স্বর্ণকার, সাহাব উদ্দিন, মিন্টু মেম্বারসহ আরও আনুমানিক ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী।
হামলাকারীরা দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে আমার গাড়িবহরের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে, ব্যাপক ভাঙচুর চালায় এবং আমাকে ও আমার কর্মী-সমর্থকদের প্রাণনাশের প্রকাশ্য হমকি দেয়। এই বর্বর হামলায় আমার সঙ্গে থাকা আরিফ, বেল্লাল, আবদুল্লাহ, আবু তালেব, রাসেদ, ইব্রাহিম, মাসুদ, হানিফ ও মিজান গুরুতরভাবে আহত হন। ঘটনার পরপরই আমি প্রশাসনকে অবহিত করলে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, এই ঘটনাটি শুধুমাত্র আমার ওপর হামলা নয়, এটি একটি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনী পরিবেশের ওপর সরাসরি আঘাত। এটি নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন এবং একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এই হামলার মাধ্যমে আমাকে নির্বাচন ও প্রচারণা কার্যক্রম থেকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সরিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে। আমি নির্বাচন কমিশন, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি-এই ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করে জড়িত সকল দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন আমি এবং আমার কর্মী-সমর্থকরা নিরাপদে ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারি, সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে আমি দেশবাসী ও গণমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, শহর বিএনপির সাবেক সভাপতি মেহেদী হাসান আলীম, শহর বিএনপি সাবেক সহ সভাপতি সাদেকুল হক সেলিম, সদর উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি হাদিউজ্জামান সোহেল, টাঙ্গাইল পৌরসভা সাবেক কাউন্সিলর আঃ রাজ্জাক, মগড়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান উত্তম, শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া প্রমুখ।






