
মমিনুল হক ॥
ত্রয়োদশ পার্লামেন্ট ইলেকশনে টাঙ্গাইল জেলার ৮টি পার্লামেন্টারিয়ান সিটের ৭টিতে বিএনপি এবং ১টিতে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর নিরঙ্কুশ বিজয় অর্জন করায় শোকরানা দোয়া করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলার সব মসজিদে জুমআ’র নামাজের পর ওই দোয়া অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এদিন বাদ জুমআ’ জেলা শহরের পুরাতন কোর্ট মসজিদে শোকরানা দোয়ায় অংশ নেন। এ সময় জেলা বিএনপির নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা তার সঙ্গে ছিলেন। পরে তিনি সদর উপজেলার জনতার সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানাতে ইউনিয়নে ইউনিয়নে যান।
নবনির্বাচিত এমপি সুলতান সালাউদ্দিন টুকু সদর আসনের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আল্লাহ তা আলা আমাকে বিজয়ী করেছেন। সেজন্য মহান রবের প্রতি শোকরানা জ্ঞাপন করছি। সকলে মিলে দিনরাত পরিশ্রম না করলে আমি বিজয়ী হতে পারতাম না। সেজন্য আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে আমার দল বিএনপি এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে দলীয় নমিনেশন দেওয়ার জন্য।






