
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি এলাকার বাসিন্দা ভ্যানচালক মোহাম্মদ আমির আলী (৪০) এবং ভ্যান যাত্রী শরীফ উদ্দিন (৪১)।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। মহাসড়কের জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয় প্রাইভেটকারটি। এতে ভ্যানচালক ও ভ্যানের এক যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক শরীফ উদ্দিনকে (৪১) মৃত ঘোষণা করেন। এতে অপর আহত ভ্যান যাত্রী আমির আলীকে (৪০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।






